জাতীয় নাট্যশালায় মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকী স্মরণোৎসব
বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে বহুমাত্রিক প্রতিভার অধিকারী চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালায় এ স্মরণোৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে শিল্পী মুস্তাফা মনোয়ারের বর্ণাঢ্য জীবন, শিল্পসাধনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের শিল্প-সংস্কৃতিতে তাঁর অনন্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের নৃত্য, সংগীত ও পাপেট পরিবেশনা থাকবে।
আয়োজকদের ভাষ্য, রং, রেখা, কল্পনা ও নান্দনিকতার আজীবন সাধক শিল্পী মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই প্রয়াসে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ জার্নাল/এনএম
