দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলা নিয়ে নতুন নির্দেশ
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কাজের বৈধ অনুমতিপত্র হালনাগাদ থাকলে ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে।
‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট নিতে এবং তা নবায়ন করতে হয়। ওই ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা নেওয়ার বিষয়ে শর্ত আরোপ করা থাকে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাও ব্যাংকের মাধ্যমে গ্রহণ করার প্রয়োজন হয়ে থাকে।
এ অবস্থায় ‘এ-৩’ ক্যাটাগরিসহ অন্যান্য ভিসা ক্যাটাগরির মাধ্যমে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রযোজ্য কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি পরিপালন সাপেক্ষে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ইএআর/একিউএফ
