তাহিরপুরে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ওমর ফারুক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা আশীষ চক্রবর্তীসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষির প্রতি উৎসাহিত করতে মেলায় নানা ধরনের তথ্য ও পরামর্শ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের সময় ও খরচ কমানো সম্ভব হবে। এছাড়া এই মেলার মাধ্যমে কৃষির উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ ও সেবার বিষয়ে কৃষকদের অবহিত করা হয়েছে।



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *