থাইল্যান্ডে দুর্ঘটনার কবলে খায়রুল বাসার


পাহাড়ের চূড়ায় ক্যামেরা, সামনে মনোরম দৃশ্য—সবকিছু ঠিকঠাকই চলছিল নাটকের শুটিংয়ের। তবে, শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। দুজনকেই আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে চারটার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। নাটকের একটি দৃশ্যের শুটিং করতে সেখানে গিয়েছিলেন খায়রুল বাসার ও তার দল। পাহাড়ের ওপর শুটিং শেষ করে স্কুটিতে করে নিচে নামার সময় ঘটে বিপত্তি। সেসময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি।

বাংলাদেশের একটি গণমাধ্যমকে খাইরুল বাসার বলেন, “আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু, নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।”

দুর্ঘটনাটি হঠাৎ ঘটায় প্রথম দিকে কিছুই বুঝে উঠতে পারেননি তারা। শুটিং দলের অন্য সদস্যরা তখন কিছুটা দূরে ছিলেন। পরে তারাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন।দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তার কষ্ট হচ্ছে। চিকিৎসার জন্য তারা পরে পাতায়ায় যান। দুর্ঘটনার কারণে আপাতত শুটিংও বন্ধ রাখতে হয়েছে।

আহত অভিনেতা খায়রুল বাসার ও মেহেদী রনিকে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ।

বাসার বলেন, “দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি। হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।”

চিত্রগ্রাহক মেহেদী রনি আরো বেশি আহত হয়েছেন বলে জানান বাসার। দুর্ঘটনায় তার শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। দুজনেরই এক্স-রে করার কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খায়রুল বাসার জানান, “মাত্রই হাসপাতালে এসেছি। এখন দুজনের এক্স-রে করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শেই থাকতে হবে। যদিও কাল আমার শুটিং ছিল না। পরে ছিল। এখন বিশ্রাম নিতে হবে। এ অবস্থায় ২–৩ দিন শুটিং করা সম্ভব নয়।”

ঈদের পর বিরতি শেষে এবারই থাইল্যান্ডে শুটিংয়ে ফিরেছিলেন খায়রুল বাসার। একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গেছেন তিনি। নাটকের নাম এখনো জানা যায়নি। নাটকগুলো পরিচালনা করবেন মীর আরমান হোসেন। এসব নাটকে বাসারের সহশিল্পী হিসেবে ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ অনেকে।

বিদেশের লোকেশনে কাজ করতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আপাতত থমকে গেছে শুটিংয়ের ব্যস্ততা। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে উঠলেই আবার কাজে ফেরার প্রস্তুতি নেবেন খায়রুল বাসার।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *