দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো অনুদান


মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ তথ্য জানান। তিনি মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিয়েরা ওয়েস্ট অঞ্চলের পুনর্নির্মাণে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি জানান, মাদ্রিদবাসী মেসিকে স্বাগত জানাতে এবং তাঁর প্রতি সম্মান জানাতে মুখিয়ে রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে মাদ্রিদের বিস্তীর্ণ বনাঞ্চল ও বসতি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ বাহিনী এখনো আগুনের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে সান জুয়ান জলাধারসংলগ্ন অঞ্চল, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি বন বিভাগ ও পরিবেশ সংরক্ষণ বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে পেলায়োস দে লা প্রেসা এবং সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকার বাসিন্দাদের এখনো নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে সান জুয়ান জলাধার, আলবার্চে বিচ এবং এম-৯৫৭ সড়ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে মেসির এই অনুদান শুধু আর্থিক সহায়তাই নয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তাঁর মানবিক সংহতি ও সহমর্মিতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *