ধান ক্ষেতে পালিয়েও বাঁচতে পারলেন না সাবেক ইউপি সদস্য
বগুড়ায় সাইফুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে হত্যাাকাণ্ডটি ঘটে।
নিহত সাইফুল আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। সাইফুল বগুড়া সদর উপজেলা যুবলীগের সদস্য ও নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল বাঘোপাড়া থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৫/৬ জন দুর্বৃত্ত সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সাইফুল বাঁচতে রাস্তার পাশের ধান খেতে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে সেখানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রাম পুলিশ সদস্য শ্রী কমল চন্দ্র দাস বলেন, “আমি জানতে পেরেছি সাইফুল বাঘোপাড়া থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে।”
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।”
