ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ


শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সংগঠনটির বহিষ্কৃত সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াছ শাহী নিজেকে সভাপতি দাবি করে বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারে নাম ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মো. জাকির হোসেন বলেন, গত ২৬ জুন আশুলিয়া থানা বিএনপির পক্ষ থেকে দেওয়া চিঠির মাধ্যমে তাকে ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন, ধামসোনা ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াছ শাহী নিজেকে সভাপতি দাবি করে গত ১০ জুলাই তার নিজ বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানের ব্যানারে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি দলীয় সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন জাকির হোসেন।

জাকির হোসেন আরও বলেন, বিষয়টি জানার পর তিনি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাকে জানানো হয়, মোখলেছুর রহমান খান ইলিয়াছ শাহীকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে দলীয়ভাবে চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হবে বলেও তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, দলীয়ভাবে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাবেন। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ নিজেকে সভাপতি দাবি করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান মো. জাকির হোসেন।

এ বিষয়ে সংগঠনটির বহিষ্কৃত সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ সময় আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ানসহ ধামসোনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *