‘পদত্যাগ করুন, নাহলে মানুষ ভাববে অধিনায়ক থাকার জন্য এমন করছেন’
পাকিস্তান ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে টেস্ট অধিনায়ক বাবর আজমকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ। পিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তে বাবরের আপত্তি থাকলে তার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি পাকিস্তান দলের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। টানা ব্যর্থতার পর দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে বাবর আজমের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
পিটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তানভীর আহমেদ বলেন, পিসিবির বর্তমান সিদ্ধান্তে বাবর অসন্তুষ্ট হলে তার উচিত স্পষ্ট অবস্থান নেওয়া।
তিনি বলেন, ‘বাবর আজম যদি অধিনায়কত্ব থেকে পদত্যাগ না করে, তাহলে আমি খুবই হতাশ হব। তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।’
তানভীরের মতে, বাবরকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। তার আশপাশের ক্রিকেটারদের যখন দল থেকে বাদ দেওয়া হচ্ছে, তখন তিনি একই সঙ্গে দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারেন না।
তানভীর আরও সতর্ক করে বলেন, বাবর যদি পিসিবির পরিবর্তনগুলো মেনে নিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যান, তাহলে তার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মানুষের মনে এমন ধারণাও তৈরি হতে পারে যে, দলের স্বার্থের চেয়ে নিজের অধিনায়কত্বের পদ ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
তানভীর বলেন, ‘আপনি যদি মনে করেন পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আমি অধিনায়ক হিসেবেই থাকব-তাহলে মানুষ ভাবতে পারে, আপনি শুধু অধিনায়ক থাকার জন্যই এমন করছেন। এতে তাদের এমন ভাবার সুযোগ আপনি নিজেই করে দিচ্ছেন।’
সাবেক এই ক্রিকেটারের মতে, প্রকৃত নেতা কঠিন পরিস্থিতিতেও সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখেন, এমনকি সেই সিদ্ধান্তের কারণে নিজের পদ হারানোর ঝুঁকি থাকলেও।
তিনি বলেন, ‘একজন মানুষের মূল্য সেখানেই তৈরি হয়। যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে, সে শক্তিশালী। আর যে সিদ্ধান্ত নেয়, মানুষের কাছে তার সম্মানও থাকে।’
তানভীর আহমেদের মন্তব্যকে বেশ কঠোর মনে হলেও, বাবরের অবস্থান নিয়ে প্রশ্নটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। পিসিবি যেভাবে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, বাবর যদি মনে করেন এসব সিদ্ধান্ত অন্যায়, তাহলে অধিনায়ক হিসেবে তার নীরব থাকা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
একজন নেতার দায়িত্ব শুধু ভালো সময়ে দলকে নেতৃত্ব দেওয়া নয়; কঠিন সময়েও সামনে থেকে দায়িত্ব নেওয়া। বাবর যদি পদত্যাগ করেন, সেটি পিসিবির প্রতি স্পষ্ট বার্তা দেবে। তবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তান ক্রিকেটকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে এই সিদ্ধান্ত।
সবচেয়ে বড় প্রশ্ন হলো-বাবর কি একই সঙ্গে পিসিবির সিদ্ধান্তের সঙ্গে আপত্তি রেখেও অধিনায়কত্বের পদ ধরে রাখবেন? নাকি দলের বর্তমান পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন?
এখন বাবরের সামনে মূল চ্যালেঞ্জ, তিনি কোন অবস্থান নেন এবং সেই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে কতটা প্রভাব ফেলে।
এমএমআর
