পাত্র খোঁজার জন্য ঘটকের কাছে পাত্রীর ছবি দেওয়া কি জায়েজ?
প্রশ্ন: পাত্র খোঁজার জন্য ঘটকের কাছে পাত্রীর ছবি দেওয়া কি জায়েজ?
উত্তর: পাত্র খোঁজার উদ্দেশ্যে ঘটকের কাছে পাত্রীর ছবি দেওয়া শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ। এর মাধ্যমে পাত্রীর পর্দার বিধান লঙ্ঘিত হয়। ঘটক ওই ছবি দেখে, পাত্রী খোঁজা ও বিয়ের ইচ্ছা নেই এমন অনেকেই ওই ছবি দেখে।
এ ছাড়া বর্তমানে প্রযুক্তির অপব্যবহার করে এসব ছবির মাধ্যমে সম্মানহানি বা ব্ল্যাকমেইলিংয়ের মতো ফেতনারও আশঙ্কা থাকে।
বিয়ের উদ্দেশ্যে ঘটকের কাছে পাত্রীর নাম, শিক্ষা ও রূপ-গুণের বিবরণ, পারিবারিক পরিচয় ইত্যাদি জানাবেন। ওই বিবরণ শুনে বিয়েতে ইচ্ছুক কোনো পাত্রের হলে তার পরিবারের নারীরা এবং তিনি নিজে এসে সরাসরি পাত্রীকে দেখবেন।
কোনো পুরুষ যদি কোনো নারীকে বিয়ের করার ইচ্ছা করে, তাহলে ওই পুরুষের জন্য কনেকে দেখে নেওয়া শুধু জায়েজই নয়, সুন্নতও বটে। কনেও চাইলে বরকে দেখে নিতে পারে।
নবীজি (সা.) তার সাহাবিদের উৎসাহ দিতেন বিয়ের আগে কনেকে দেখে নিতে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল রাসুল (সা.) বলেন, আপনাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবেন, তখন সম্ভব হলে তার এমন কিছু বৈশিষ্ট্য দেখে নেবেন, যা আপনাকে বিয়েতে আগ্রহী করে তোলে। (সুনানে আবু দাউদ: ২০৮২)
মুগিরা বিন শোবা (রা.) বলেন, আমি এক নারীকে বিয়ের প্রস্তাব দিলাম। এটা শুনে রাসুলুল্লাহ (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি তাকে দেখেছেন? আমি বললাম, না, দেখিনি। তখন তিনি বললেন, তাকে দেখে নিন। আপনার এই দেখা আপনাদের দাম্পত্য জীবনে প্রণয়-ভালোবাসা গভীর হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। (সুনানে তিরমিজি: ১০৮৭)
তবে মনে রাখতে হবে, এই বৈধতা শুধু হবু বরের জন্য অর্থাৎ যিনি বিয়ে করতে ইচ্ছুক তার জন্য কনেকে পর্দা/ হিজাবহীন অবস্থায় দেখা জায়েজ। বরের বাবা, দাদা, ভাই, বন্ধু-বান্ধব বা অন্যান্য গায়রে মাহরাম পুরুষদের জন্য কনেকে দেখা জায়েজ নয়। তাই তাদের সামনে পর্দা রক্ষা না করে যাওয়া জায়েজ হবে না।
পর্দা ইসলামের একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পুরুষদের নির্দেশ দিয়েছেন নিজেদের দৃষ্টি সংযত করতে এবং চরিত্রের হেফাজত করতে আর নারীদের নির্দেশ দিয়েছেন দৃষ্টি সংযত করার পাশাপাশি নিজেদের শারীরিক সৌন্দর্য ঢেকে রাখতে।
আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর মুমিন নারীদের বল, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরা নুর: ৩০, ৩১)
ওএফএফ
