পাবনায় কমিটি বাতিলের দাবিতে বিএনপি নেতাকর্মীদের ঝাড়ু মিছিল
পাবনার ঈশ্বরদীতে সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল মোড়ে শেষ হয়।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে কমিটি বাতিল না হলে রাজপথে লাগাতার কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থক নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
জানা গেছে, গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্যসচিব হিসেবে শরিফুল ইসলাম তুহিন এবং পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মাহাবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব হিসেবে ইমরুল কায়েস সুমনের নাম উল্লেখ করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
দুই দিন পর কমিটির চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা করে কয়েক দফায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, হামলা-মামলার শিকার এবং রাজপথে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি দিতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’
এ সময় ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার সংশ্লিষ্টদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে পুরাতন বাস টার্মিনাল মোড়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা।
সংক্ষিপ্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, জাকির হোসেন জুয়েল, আব্দুর রাজ্জাক, এলবাস হোসেন, আক্কাস আলী, জাহাঙ্গীর হোসেন, আবু তালেব, টুটুল সরদার প্রমুখ।
শেখ মহসীন/কেএইচকে
