‘প্রধানমন্ত্রীর হোটেল’ পরিচয়ে পর্যটককে হুমকি, ম্যানেজার গ্রেপ্তার 


কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগের প্রতিকার চাওয়ায় এক পর্যটককে রাজনৈতিক প্রভাবের কথা বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি হোটেলটিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে পর্যটককে ভয় দেখান।

শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) শুভ্র রুদ্র। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী মামলার তথ্য জানিয়েছেন। 

ওসি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন।

রাসেলের অভিযোগ, রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে হোটেলটির নিজস্ব রেস্তোরাঁয় যান তিনি। সেখানে একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংসের অর্ডার দেন। রেস্তোরাঁর কর্মচারীরাও তাকে দেশি মুরগি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হলে বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানান রাসেল। তার অভিযোগ, দেশি মুরগির কথা বলে তাদের সোনালি মুরগির মাংস দেওয়া হয়েছে।

রাসেল জানান, বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা সোনালি মুরগি পরিবেশনের কথা স্বীকার করেন। পাশাপাশি হোটেলে ‘দেশি মুরগি’ হিসেবে মূলত সোনালি মুরগিই পরিবেশন করা হয় বলেও তাকে জানানো হয়।

পরে রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিষয়টি জানান। তবে তাৎক্ষণিক কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

এরপর হোটেল সী-গালের রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাকে ফোন করেন। রাসেলের অভিযোগ, ওই ফোনে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তাকে হুমকি দেওয়া হয়।

রাসেল উদ্দিন বলেন, রেস্তোরাঁয় একাধিকবার জানতে চাওয়ার পরও তাদের মিথ্যা তথ্য দিয়ে অন্য মুরগির মাংস দেওয়া হয়েছে। খাবারের দাম নিয়ে তার কোনো আপত্তি ছিল না। তবে সেবার নামে খাবারের টেবিলে প্রতারণা এবং পরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এ ঘটনায় তিনি জাতীয় অভিযোগ সেলেও অভিযোগ করেন। 

জাতীয় সেলে করা ওই অভিযোগের বিষয়ে হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা।

অভিযোগের বিষয়ে কথা বলার সময় কামরুল হাসান রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ তুলে বলেন, তাদের হোটেলের এমডির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, “হোটেলটি তারেক রহমানের হোটেল হিসেবে সবাই জানে।”

ওই কথোপকথনের অডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এই প্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে এবং অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল।

তিনি বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত ম্যানেজারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”

অন্যদিকে শুধু হুমকির ঘটনায় মামলা নয়, খাবার পরিবেশন নিয়ে পর্যটক রাসেল উদ্দিনের করা লিখিত অভিযোগও আমলে নেওয়া হয়েছে।

অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের নথিতেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।

রাসেল জানান, এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলেও অভিযোগ করেছিলেন তিনি। সেখানে তাৎক্ষণিক প্রতিকার না পাওয়ার পর সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মেও অভিযোগ করেন তিনি। পরে অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *