বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ষাটোর্ধ্ব বৃদ্ধার অনশন
গাইবান্ধার সাঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। বিয়ে না করলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে, গত সোমবার উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ১৫ বছর আগে ওই নারীর স্বামী মারা যান। পরে তার সঙ্গে সাবেক ইউপি সদস্য ফটিকের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও দাবি করেন তিনি।
বারবার বিয়ের কথা বলা হলেও ফটিক সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ ভুক্তভোগীর। তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন তিনি।
এদিকে ওই নারীকে দেখতে পেয়ে দরজায় তালা লাগিয়ে ফটিক পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সাঘাটা থানায় অভিযোগও দিয়েছেন তিনি।
সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
