ব্রহ্মপুত্র নদ থেকে তরুণের পা বাঁধা মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২২:৪৩, ৭ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪৫, ৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ || রাইজিংবিডি.কম
নিহত মিরানের জাতীয় পরিচয়পত্র
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে পা বাঁধা অবস্থায় মিরান (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) ব্রহ্মপুত্র নদের বিদ্যাগঞ্জ খেয়াঘাটের ২০০ গজ পূর্ব দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ দিন আগে মিরান জামালপুরের মাদারগঞ্জ থেকে নিখোঁজ হন। তিনি একই উপজেলার চর পাকেরদহ গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ব্রহ্মপুত্র নদে পা বাঁধা অজ্ঞাত তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরদেহ উদ্ধারের পর প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেই সূত্র ধরে নিহতের স্বজনদের খবর দিলে তারা এসে মরদেহটি মিরানের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনেরা জানান, গত ২২ জুলাই মিরান বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যান। ২৭ জুলাই স্ত্রীর সঙ্গে তার মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এর আগেও মিরান কয়েকবার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। তবে, কয়েকদিন পর আবার বাড়িতে ফিরে আসতেন। যে কারণে স্বজনেরা থানায় নিখোঁজ ডায়েরি করেননি।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিজ এলাকায় তাকে হত্যার পর মরদেহ নদে ফেলে দেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ ভেসে ময়মনসিংহে আসতে পারে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/মিলন/রাজীব

