ভারত-বাংলাদেশ সিরিজ হতে পারে জানুয়ারিতে


ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। সেপ্টেম্বরের নির্ধারিত সূচিতে সিরিজটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে আলোচনা চলার মধ্যেই এবার নতুন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে ভারত ও বাংলাদেশের সীমিত ওভারের সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে পুনর্নির্ধারণ করা হতে পারে।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ও সরকারের মধ্যে সফরটি নিয়ে আলোচনা এখনও চলছে। একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজছে। বিসিসিআইয়ের ওই সূত্র বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

ভারতের বাংলাদেশ সফরটি প্রথমে ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচগুলো। তবে বিসিসিআই এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সেপ্টেম্বরের সম্ভাব্য সূচির সঙ্গে আরেকটি আন্তর্জাতিক সিরিজও সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। ফলে বিসিবির নির্ধারিত ১ থেকে ১৩ সেপ্টেম্বরের উইন্ডোতে ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়েও তৈরি হয়েছে বাস্তব জটিলতা। 

তাই এই সিরিজটি জানুয়ারিতে নিয়ে যেতে চাচ্ছে বিসিবি। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি সভাপতি তামিম ইকবালও আগেই বলেছিলেন, ‘আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, আমি ততটা গিয়েছি। আমি সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ আছে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *