ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে পাবিপ্রবিতে বিক্ষোভ


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের দুটি আবাসিক হল প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা দ্রুত বাতিলের দাবি জানান।

মিছিল থেকে শিক্ষার্থীরা ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ এবং ‘ক্ষমতা না জনতা? জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

‎মিছিল শেষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আবু সামা বলেন, ‘দুই বছর আগে ‘কোটা না মেধা’ স্লোগানে ছাত্রসমাজ জেগে উঠেছিল। আবার সরকার একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই এ সিদ্ধান্ত যেন গেজেটভুক্ত না হয় এবং অবিলম্বে তা বাতিল করতে হবে।’

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে পাবিপ্রবিতে বিক্ষোভ

‎তিনি আরও বলেন, ‘বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে তিনটি পদে নিয়োগেও দুর্নীতি ও বিপুল অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে। নতুন সিদ্ধান্তটি দলীয় ও প্রভাবশালী ব্যক্তিদের সুবিধা দিতে পারে। এতে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। সরকারের প্রতি আমাদের আহ্বান, গণবিরোধী এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে সিদ্ধান্ত পরিবর্তন করুন।’

‎ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন, ‘আমরা একটি অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে আজ সমবেত হয়েছি। আমরা জানতে পেরেছি, এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রত্যাহার করে তা স্কুলের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা মনে করি, এতে শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের সুযোগ তৈরি হবে।’

‎তিনি বলেন, ‘আমাদের দাবি, শিক্ষক নিয়োগ হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ‘কোটা নয়, মেধা’—এই স্লোগানকে সামনে রেখে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব, যদি মেধার পরিবর্তে দলীয় পরিচয় ও স্বজনপ্রীতিকে গুরুত্ব দেওয়া হয়। সরকারের প্রতি আমাদের আহ্বান, অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ ব্যবস্থা বহাল রাখুন।’

কেজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *