রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
শাহ আলী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি অসুস্থতা বোধ করলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে শিশুটির মা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা গতকাল বৃহস্পতিবার শাহ আলী থানায় এজাহার দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
কেআর/কেএসআর
