রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী। অভিনন্দন জানালেন অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তড়িঘড়ি করেছে অভিযোগ করে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারিত, এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই।
অলি আহমদ বলেন, কোনো সংসদ সদস্য তাঁর ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন না, এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত। কর্তার ইচ্ছাই কর্ম হবে, দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলা হবে, সেখানেই ভোট দিতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে অলি আহমদ এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর এই প্রতিক্রিয়ার কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর অলি আহমদ পান ৮৮ ভোট। সংসদের ৩৫০ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।
