সাবেক ছাত্রদল নেতাকে মারধর, ইউএনওর দুঃখ প্রকাশ


প্রকাশিত: ১৯:০৮, ১৩ আগস্ট ২০২৬  


ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাবেক ছাত্রদল নেতাকে মারধর, ইউএনওর দুঃখ প্রকাশ


ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের কর্মী ও সাবেক ছাত্রদল নেতা সারোয়ার জাহানকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটনের ব্যক্তিগত কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করেন।

ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি। আমাদের একটা আইন সংঘত কার্যক্রমের মধ্যে চলমান অবস্থায় হঠাৎ করে এ ধরনের একটা ঘটনা; অবশ্যই এটা আমি দুঃখ প্রকাশ করি। ইভেন এটা আমি ফিলও করি।

এর আগে, বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির পয়েন্টে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ত্রিশাল ইউএনও আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে আনসার ও র‍্যাবের সদস্যরা বালু বিক্রির পয়েন্টে অভিযানে যান। ইউএনও ইজারার কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউএনও তাকে পরপর দুটি থাপ্পড় মারেন। এরপর র‍্যাবের এক সদস্য সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ইউএনও ওই সদস্যের কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ারকে কয়েকবার আঘাত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

ইজারাদার পক্ষের দাবি, সারোয়ারকে র‍্যাবের গাড়িতে করে ত্রিশালের ধলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছেড়ে দেওয়া হলে স্বজনেরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা/মিলন/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *