সীমান্ত পেরিয়ে এসে ১৪ মিয়ানমার নাগরিকের আত্মসমর্পণ


বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট বিভিন্ন বয়সী মিয়ানমারের ১৪ জন পুরুষ স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাঁদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাঁরা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ, বিদেশি নাগরিক আইন, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাঁদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন শাহ বলেন, “বুধবার মিয়ানমারের ১৪ নাগরিককে থানায় হস্তান্তর করে বিজিবি। বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে।”

তাঁরা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কি না জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “তাঁরা সাধারণ নাগরিক।”

তবে এ বিষয়ে জানতে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *