হঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আকস্মিক ভ্রমণে এসে পদ্মা নদীর তীরবর্তী মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় পদ্মা নদীর তীরে তিনি আকস্মিকভাবে উপস্থিত হন। এ সময় নদীভাঙনপ্রবণ ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটিয়ে তিনি এলাকার বিভিন্ন বিষয় সম্পর্কে মতবিনিময় করেন। হঠাৎ করে তার আগমনে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনেকেই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মরণীয় মুহূর্ত হিসেবে ছবি তোলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিক নেতার সরাসরি উপস্থিতি তাদের ভালো লেগেছে। তারা বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়েও তাঁর সঙ্গে আলোচনা করেন।
হাসনাত আব্দুল্লাহর এই আকস্মিক সফরকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন এবং এটিকে জনসাধারণের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
মো. সজল আলী/এনএইচআর
