হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন দাবি


হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ইরান নতুন করে বেশ কয়েকটি দাবি জানিয়েছে। রবিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।

ইরানের  জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘তার আচরণ সংশোধন না করা পর্যন্ত’ হরমুজ প্রণালি খোলা হবে না। পরিষদটি এমন নতুন দাবি জানিয়েছে যা এই জলপথ ও এর যান চলাচল ব্যবস্থাপনার চুক্তি সংক্রান্ত আলোচনাকে নাড়িয়ে দিতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পরিষদের সচিব মোহাম্মদ বাঘের যুলঘাদরের বিবৃতিটি প্রকাশ করেছে, যিনি শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর একজন কমান্ডারও।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর কখনো ইরানকে হুমকি দেওয়া উচিত নয় এবং এই অঞ্চলে ইরান ও তার সশস্ত্র মিত্রদের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে এবং এলাকাটি থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে। এছাড়া, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ‘সম্পূর্ণ ক্ষতিপূরণ’ দিতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং জব্দকৃত সম্পদ ‘শর্তহীনভাবে’ মুক্ত করে দিতে হবে।

মোহাম্মদ বাঘের যুলঘাদরে বলেছেন, “ যুদ্ধ হোক বা আলোচনা, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই দাবিগুলো থেকে পিছু হটবে না।”

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরান চলতি সপ্তাহে জানিয়েছে, দুই দেশের মাঝখান দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালি পরিচালনার জন্য তারা ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে।

উপসাগরীয় আরব দেশ ওমান শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনা ‘একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ চলছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *