১০০ গ্রাম হেরোইনসহ আটক, মিললো যাবজ্জীবন কারাদণ্ড
যশোরের বেনাপোলে ১০০ গ্রাম হেরোইনসহ আটকের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) যশোরের অতিরিক্ত দায়রা জজ-৫ আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মহাসিন ভবেরবেড় গ্রামের বাসিন্দা। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামে অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করা মহাসিনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে মহাসিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচারে অভিযোগ প্রমাণিত হলে বিচারক রায় ঘোষণা করেন।
এইচআরএম/একিউএফ
