কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়?


ফল স্বাস্থ্যকর খাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই স্বাস্থ্যসচেতন অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখেন। তবে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়—ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় কখন? খাবারের আগে, পরে নাকি মাঝখানে?

বিশেষজ্ঞরা বলছেন, ফল খাওয়ার জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য এমন কোনো নির্দিষ্ট ‘সেরা সময়’ নেই। সুস্থ মানুষেরা দিনের যেকোনো সময় ফল খেতে পারেন এবং তাতেও ফলের পুষ্টিগুণের কোনো ক্ষতি হয় না। শরীর সকাল, দুপুর কিংবা সন্ধ্যা—সব সময়ই ফলের ভিটামিন, খনিজ ও ফাইবার গ্রহণ করতে সক্ষম।

তবে ফলের উচ্চ ফাইবার ও পানির পরিমাণের কারণে এটি খাবারের আগে খেলে অনেকের পেট ভরা অনুভূতি হতে পারে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে। আবার খাবারের পর ফল খাওয়াও নিরাপদ ও উপকারী। তবে যাদের গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপার সমস্যা রয়েছে, তারা বিভিন্ন সময়ে ফল খেয়ে দেখে নিতে পারেন কোন সময়টি তাদের জন্য বেশি স্বস্তিদায়ক।

বিশেষজ্ঞদের মতে, ফল খাওয়ার সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া। প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ও বৈচিত্র্যময় ফল রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ফলের রসের পরিবর্তে আস্ত ফল খাওয়াই বেশি উপকারী, কারণ এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

২০২৩ সালে নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ফল খাওয়ার সময় রক্তে শর্করার মাত্রার ওপর কী প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের সকালের নাশতার ৯০ মিনিট আগে, ৩০ মিনিট আগে, নাশতার সঙ্গে এবং ৩০ মিনিট পরে কিউই ফল খাওয়ানো হয়েছিল।

ছবি: সংগৃহীত

গবেষণার ফলাফল দেখায়, প্রধান খাবারের প্রায় ৩০ মিনিট আগে ফল খেলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এমনকি শুধু সিরিয়াল খাওয়ার তুলনায় এই পদ্ধতিতে রক্তে শর্করার উল্লম্ফন প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কম দেখা গেছে।

গবেষকদের মতে, খাবারের কিছুক্ষণ আগে ফল খেলে এর ফাইবার ও প্রাকৃতিক অ্যাসিড পরবর্তী খাবারের কার্বোহাইড্রেট হজমের গতি ধীর করে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। তবে ফল অনেক আগে খেলে, যেমন ৯০ মিনিট আগে, শরীর ফল ও মূল খাবারকে আলাদা খাবার হিসেবে প্রক্রিয়াজাত করে, ফলে এই অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না।

তাহলে ফল খাওয়ার সেরা সময় কখন?

সাধারণভাবে দিনের যেকোনো সময় ফল খাওয়া উপকারী। তবে যদি লক্ষ্য থাকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘক্ষণ তৃপ্তি অনুভব করা, তাহলে খাবারের প্রায় ৩০ মিনিট আগে ফল খাওয়া ভালো অভ্যাস হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ফল খাওয়া এবং সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বিভিন্ন ধরনের তাজা ফলকে খাদ্যতালিকায় রাখা।

এই অভ্যাসই দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য বজায় রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *