দেশে কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন মূল্য নির্ধারণের তথ্য জানায় বিইআরসি। নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। অর্থাৎ নতুন দামে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে ১৩ টাকা কম দিতে হবে।
এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসির নির্ধারিত অন্যান্য এলপিজি সিলিন্ডারের দাম হলো—সাড়ে ৫ কেজি ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা।
এ ছাড়া ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কুশল/সাএ
