একক গানে ফিরছেন ব্ল্যাকপিংকরা | প্রথম আলো
জেনির পর একক গান নিয়ে ফিরছেন জিসু। ৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তাঁর ‘ক্লিক’। গত বছর প্রকাশিত ইপি অ্যামর্টেজ–এর পর তাঁর প্রথম একক গান। এটি তাঁর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবামের গান। অ্যামর্টেজ ৪৫টি অঞ্চলের আইটিউনসের শীর্ষ অ্যালবামের তালিকায় প্রথম হয়েছিল। এর ‘আর্থকোয়েক’ গানটি বিলবোর্ডের ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস তালিকায় শীর্ষে ওঠে। ২০২৫ সালের অক্টোবরে জেইনের সঙ্গে ‘আইজ ক্লোজড’ গানটি প্রকাশ করেন জিসু। গানটি বিলবোর্ড হট ১০০-এ ৭২ নম্বরে জায়গা করে নেয়।
নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন লিসাও। তাঁর ছয় গানের অ্যালবাম প্রেস প্লে প্রকাশিত হবে আগামী ২৩ অক্টোবর।
এর আগে ৩ সেপ্টেম্বর আসছে অ্যালবামের গান ‘সাওয়াদিকা’। থাই শব্দটির অর্থ ‘শুভেচ্ছা’। লিসার নতুন অ্যালবামে থাই ঐতিহ্যের ছাপ থাকবে। প্রায় এক বছর আট মাস আগে প্রকাশিত হয় লিসার প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম অলটার ইগো। ২০২৫ সালের ওই অ্যালবামে ছিল ‘রকস্টার’, ‘নিউ ওম্যান’, ‘বর্ন এগেন’–এর মতো গান। অলটার ইগো প্রকাশের প্রথম দিনেই স্পটিফাইয়ে ২ কোটি ৩৪ লাখের বেশি স্ট্রিম হয়েছিল।
একক নারী কে-পপ শিল্পীদের অ্যালবাম অভিষেকের ক্ষেত্রে এটি ছিল অন্যতম বড় সাফল্য। অ্যালবামটি বিলবোর্ডের টপ অ্যালবাম সেলস তালিকায় প্রথম এবং বিলবোর্ড ২০০-এ সপ্তম হয়েছিল।
