বগুড়ায় বিয়ের দুমাসের মাথায় বিষপানে তরুণের আত্মহত্যা


বগুড়ার শেরপুরে বৈবাহিক কলহ ও অভিমানের জের ধরে বিষপানে তামিম (১৯) নামের এক একাদশের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহসুলতান কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক মেয়ের সঙ্গে বিয়ে হয় তামিমের। তবে বিয়ের কিছুদিন পরই স্ত্রী তাঁকে তালাক দেন। এই ঘটনা মেনে নিতে না পেরে তীব্র মনকষ্ট ও ক্ষোভে ভেঙে পড়েন তিনি।

গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে ফুলতলা গ্রামে নিজ ঘরের ভেতর তামিম বিষাক্ত ঘাসমারা ওষুধ সেবন করেন। টের পেয়ে পরিবারের লোকজন তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *