কোমরে বালির বস্তা বাঁধা মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর কোমরে বালির বস্তা বাঁধা অবস্থায় হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে হাসনা খাতুনের শেষ কথা হয়। এর পর তারা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার ভোরে হাসনা খাতুনকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকায় জিকে খালে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনরা সেটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন।
স্বজনদের অভিযোগ, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। তারা এ ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানিয়েছেন, নিহতের ছেলে থানায় জিডি করার পরদিন হাসনা খাতুনের লাশ খালের পানি থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
