শচীনের পর এবার পন্টিংকেও ছাড়িয়ে গেলেন রুট


লর্ডসে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানেই থেমেছেন জো রুট। ব্যক্তিগতভাবে ইনিংসটি সন্তোষজনক না হলেও এই অল্প রানেই অনন্য এক রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। নিজের দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রিকি পন্টিংকে পেছনে ফেলেছেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে রুটের টেস্ট রান এখন ৭ হাজার ৫৯৪। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিংয়ের সংগ্রহ ৭ হাজার ৫৭৮ রান। অর্থাৎ ঘরের মাঠে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে ১৬ রানে ছাড়িয়ে গেছেন রুট।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। দেশের মাটিতে টেস্টে তার সংগ্রহ ৭ হাজার ২১৬ রান। সেই মাইলফলক অবশ্য রুট আগেই পেরিয়ে গেছেন।

ঘরের মাঠে পন্টিংকে টপকে যাওয়ার পর এবার রুটের সামনে আরও বড় লক্ষ্য—শচীন টেন্ডুলকারের সর্বকালের টেস্ট রানের রেকর্ড। ২০০ টেস্টে শচীনের সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান। রুট এখন পর্যন্ত ১৬৮ টেস্টে করেছেন ১৪ হাজার ২০৮ রান। ফলে শচীনের রেকর্ড ছুঁতে হলে তাকে আরও ১ হাজার ৭১৩ রান করতে হবে।

রুটের বর্তমান বয়স, ফর্ম এবং দীর্ঘ ক্যারিয়ার বিবেচনায় তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে—শেষ পর্যন্ত কি শচীনের রেকর্ডও ভেঙে দিতে পারবেন ইংল্যান্ডের এই ব্যাটার?

রুটের বাবা ম্যাট রুট অবশ্য কাজটিকে সহজ মনে করছেন না। টকস্পোর্ট ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, শচীনের রেকর্ড ভাঙা কঠিন হলেও ছেলের সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। অধিনায়কত্বের চাপও রুটের ব্যাটিংয়ে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বলে মনে করেন তিনি।

ম্যাট রুটের যুক্তি, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের এক বছরেই জো রুট প্রায় ১ হাজার ৭০০ রান করেছিলেন। তাই ফিটনেস ধরে রাখতে পারলে, মনোযোগ অটুট থাকলে এবং ক্রিকেটের প্রতি আগ্রহ বজায় রাখতে পারলে শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়া রুটের পক্ষে সম্ভব।

পন্টিংকে পেছনে ফেলার পর এখন রুটের সামনে শুধু একটি প্রশ্ন—টেস্ট ক্রিকেটের রান-মেশিন শচীনের ১৫ হাজার ৯২১ রান কি ছুঁতে পারবেন তিনি?



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *