ভারতের কাছে তিন গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের
মালদ্বীপের মালেতে গত এপ্রিলে যাদের টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই ভারতের কাছে এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম দুই ম্যাচে হেরে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য ভারত ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবু প্রতিপক্ষ ভারত বলে ভালো খেলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। কিন্তু শেষ রক্ষা তো হলোই না, বরং পুরো টুর্নামেন্টের ব্যর্থতার ষোলোকলাই পূর্ণ হলো এই হারে।
