খুলনায় পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় একদিনে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) এবং একইদিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে অপর যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় ইয়ানুরের পরিচয় শনাক্ত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাকিব নিখোঁজ হন। তার স্বজন এনামুল হক মরদেহ শনাক্ত করেন।
অন্যদিকে, ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, ইয়ানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পরিবার জানায়, ইয়ানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। নারকেল ও সুপারি পেড়ে পাওয়া অর্থে নিজের খরচ চালাতেন। গত ১০-১২ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
