ফেনীতে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তাপ, গ্রেপ্তার ২


ফেনীর রাজনৈতিক অঙ্গন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে লালপোল এলাকায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের নেতৃত্বে কয়েক মিনিটের মিছিল বের হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হলুদ ক্যাপ ও মুখে মাস্ক পরা কয়েকজন ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ফেনীতে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত মে ও জুন মাসেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে শহরে মিছিল করা হয়। সেসব ক্ষেত্রেও মিছিল শেষ হওয়ার পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ জড়িতদের শনাক্তে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।

সর্বশেষ শুক্রবারের ঘটনাতেও একই চিত্র দেখা গেছে।

শুক্রবার বাদ মাগরিব ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র উদ্যোগে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে শেষ হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য মিছিল প্রশাসনের জন্য উদ্বেগজনক। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আমরা ধরে নেব, প্রশাসনের সঙ্গে আঁতাত করেই নিষিদ্ধ সংগঠনকে মিছিলের সুযোগ দেওয়া হচ্ছে।’’ 

ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সহ-সেক্রেটারি নুর হোসেন বলেন, ‘‘বর্তমান পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর থেকে সন্ত্রাসী ও খুনিরা এভাবে মিছিল করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।’’ অন্যথায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে


 সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক ও মিরাজ হোসেন, খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নাদের চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। তিনি বলেন, লালপোল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম শাহীন (২২) ও ইয়াছিন বাবু (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মিছিলে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

গত মে, জুন ও সর্বশেষ জুলাই মাসে দফায় দফায় প্রায় একই কৌশলে ফেনীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবারই ভিডিও প্রকাশের পর জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালায়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *