লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন প্রথম আলোকে তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে হঠাৎ পুলিশ তাঁদের বাসায় আসে। পুলিশ প্রথমে জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ মাছুমের একটি ছবি দেখতে চায়। ছবি দেখার পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক উদ্দিন বলেন, ‘কী কারণে বা কারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।’ মাছুমের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশ অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের পাশাপাশি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও দ্রুত উপস্থিত হন। সেখানে একটি গাড়ির ভেতরে মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা দিচ্ছেন।
