কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় গ্রেফতার ৩, মালিক পলাতক
কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে আগুনের ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ‘শিখা ইন’ আবাসিক হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা ‘শিখা ইন’ হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে এনটালির মেন মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেন। এছাড়া ওই হোটেলের ম্যানেজার এবং একজন কর্মীকেও গ্রেফতার করা হয়েছে।
তবে হোটেলের মালিক বীরেশ্বর মিত্র পলাতক রয়েছেন। তিনি এবং হোটেলের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দমকল বাহিনীর পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রাখা, ফায়ার লাইসেন্স ও বৈধ নথিপত্র না থাকা এবং আপৎকালীন নির্গমন পথ না রাখার মতো মারাত্মক গাফিলতির অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুই ভারতীয় নাগরিকের একজন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাশওয়ান (১৯)। অন্যজন শিলিগুড়ির বাসিন্দা যোগী নারায়ণ (৬৮)।
নিহত সাত বাংলাদেশির মধ্যে রয়েছেন কুষ্টিয়ার বাসিন্দা দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমিন (২৭), তার সন্তান স্বর্ণশীষ দত্ত (২ বছর ৮ মাস) এবং শ্বশুর আকরাম আলী (৭৪)। অন্যরা হলেন ঢাকার সাভারের বাসিন্দা বাবু আহমেদ (৩৭), সাতক্ষীরার রেবতী সরকার ও এস এম আলিমুজ্জামান।
ডিডি/কেএএ/
