জানা গেল কবে ফিরবে কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ
কলকাতার নিউমার্কেট চত্বরে ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশি নাগরিক। নিহতদের মরদেহের ময়নাতদন্ত এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়।
দুই ভারতীয় নাগরিকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাকি সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার (২২ আগস্ট) বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে।
সূত্র আরও জানিয়েছে, মরদেহগুলো ভারত থেকে বাংলাদেশে আনার খরচ বাংলাদেশ সরকার বহন করবে।
সাতক্ষীরার বাসিন্দাদের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে আনা হবে। বাকিদের মরদেহ গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে।
গত বুধবার ভোরে কলকাতার নিউমার্কেট চত্বরের ১৫ বি মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেল ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিক নিহত হন।
এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রাথমিকভাবে কলকাতা পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছে, তাতে একটি বিষয় পরিষ্কার হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ওই হোটেলটিতে কোনো ফায়ার লাইসেন্স ছিল না। এমনকি দীর্ঘদিন ধরে কোনো অডিটও করা হয়নি। দেওয়াল তুলে ইমার্জেন্সি গেট দিয়ে বের হওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছিল।
ডিডি/কেএএ/
