নওগাঁয় ১২ মাদরাসাছাত্র এইচআইভি পজিটিভ দাবি ভিত্তিহীন
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের করা ‘১২ মাদরাসাছাত্র এইচআইভি পজিটিভ’ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম।
সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ফজলে হুদা বাবুল বলেছিলেন, ‘মাদরাসায় কি হচ্ছে? নওগাঁয় ১২ জন এইচআইভি পজিটিভ মিলেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ওই ১২ জনই মাদরাসার শিক্ষার্থী এবং তারা আবাসিক হোস্টেলে থাকেন।
এমন তথ্যের ভিত্তিতে নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, নওগাঁয় ১২ মাদরাসা শিক্ষার্থীর এইচআইভি পজিটিভ দাবি ভিত্তিহীন। জেলায় গত এক বছরে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র তিনজন। তারা এখন সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধায়নে আছে এবং ভালো আছেন। সর্বশেষ ১ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছিল সেটাও ৬ মাস আগে।
তিনি আরও জানান, গত জুলাই মাসে নওগাঁয় ১২ জন ব্যক্তির রক্ত পরীক্ষা করতে এসে এইচআইভি টেস্ট করেছেন। তবে তাদের কারো মধ্যে এইচআইভি শনাক্ত হয়নি।
এ বিষয়ে কথা বলতে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সদস্য ফজলে হুদা বাবুলের মোবাইল নম্বরে একাধিকার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান, গত জুলাই মাসে উপজেলার ১২ জন ব্যক্তির রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি পরীক্ষা করা হয়েছিল। তবে তাদের সবার এইচআইভি রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
আরমান হোসেন রুমন/এনএইচআর/জেআইএম
