শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব
সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি এ বিবৃতি শেয়ার করেছেন।
বিবৃতিতে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘বিতর্কিত কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করে বর্তমান সরকার দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।’
তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রমাণ করেছে, তারা দেশের সাধারণ জনগণের মনের ভাষা ও আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এ দেশে দীর্ঘদিন ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত ও হানাফি মাজহাবের অনুসারী আলেম-ওলামা ও স্কলাররা দ্বীনের প্রচার-প্রসার করে আসছেন।
‘অথচ এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে অবহেলা করে গুটি কয়েক লোকের একটি ভ্রান্ত মতবাদের প্রচারককে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।’
বিবৃতিতে আলেম সমাজকে অবজ্ঞার পরিণতি সম্পর্কে সতর্ক করে জুনায়েদ আল হাবিব বলেন, ‘আলেম-ওলামারা এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আগেও সরকারকে একাধিকবার সতর্ক করেছেন। কিন্তু সরকার তাদের প্রতিবাদ ও পরামর্শকে চরমভাবে অবজ্ঞা করেছে। এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে সরকারকে চরম মূল্য দিতে হবে।’
অবিলম্বে শামীম কায়সার লিংকনের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে এই বিতর্কিত মন্ত্রিত্ব বাতিল করে একজন যোগ্য, গ্রহণযোগ্য ও সঠিক দ্বীনের অনুসারীকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে।’
সরকারকে সতর্ক করে জুনায়েদ আল হাবিব আরও বলেন, ‘আলেম-ওলামাদের দাবি মানা না হলে এবং বর্তমান ধারা অব্যাহত থাকলে বিগত দিনে যেভাবে আলেম সমাজ সরকারের পাশে থেকে সহযোগিতা করেছে, আগামীতে সেই সহযোগিতার হাত তারা গুটিয়ে নিতে বাধ্য হবেন।’
এএএইচ/এসআর
