রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক


টানা ৩০ বছর শিক্ষকতা শেষে শেষ কর্মদিবসে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়লেন টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান এ কে ফজলুল হক মিয়া।

সোমবার (২৪ আগস্ট) কলেজে তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মান জানান। একপর্যায়ে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কলেজের অধ্যক্ষ এম এ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন। এ ছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।

বিদায়ী শিক্ষক এ কে ফজলুল হক মিয়া বলেন, বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে এতটা সম্মান জানাবেন, তা তিনি কখনো ভাবেননি। এমন বিদায়ের কথা জীবনে কখনো ভুলবেন না বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে ব্যতিক্রমী আয়োজনে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে তাঁকে বসিয়ে সামনে প্রায় ৪০টি মোটরসাইকেলের বহর নিয়ে যাত্রা শুরু করেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রী সালেহা বেগম ও দুই কন্যাও গাড়িতে ছিলেন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *