অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি
অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারকা প্রাঙ্গণে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে (২৪ আগস্ট) বাড়িটিতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান এই অভিনেতা। পরে থানা পুলিশকে অবগত করেন।
থানায় সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, পুরো পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝে মধ্যেই ফরিদপুর শহরের এই বাড়িতে ছুটে আসেন। কামরাঙ্গা নামক এই বাসভবনের চারদিকে দেওয়ালের প্রাচীর রয়েছে এবং ভেতরে একটি দোতলা ভবনসহ বাগানও রয়েছে।

ফজলুর রহমান বাবু জানান, এটি আমার জন্মস্থান, মাঝে মধ্যেই ছুটে আসি। মাসে দু-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুদিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশকিছু মালামালও নেই।
তিনি আরও জানান, সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গেছে, যা দুঃখজনক। আর যারা চুরি করছে তারা মূলত মাদকসেবী; নেশার টাকা যোগানের জন্য বিভিন্ন বাসা বাড়িতে চুরি করে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সূত্র: জাগো নিউজ ২৪
বাংলাদেশ জার্নাল/এসআইপি
