সেলিম আল দীনের স্মরণে শিল্পকলায় সেমিনার ও নাটক
সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীন স্মরণে সেমিনার ও নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ২৯ আগস্ট ২০২৬ বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক রুবাইয়াত আহমেদ। প্রবন্ধের ওপর প্যানেল আলোচক হিসেবে মতামত ব্যক্ত করেন আজাদ আবুল কালাম, অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা ও ড. শাহমান মৈশান।
এ ছাড়া প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন জাহিদ রিপন, কামরুল হাসান খান ও আবু সাঈদ তুলু। প্রবন্ধের ওপর আলোচনার পাশাপাশি নাট্যজগতে সেলিম আল দীনের ভূমিকা, বর্তমান মঞ্চনাটকের অবস্থান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা আলোকপাত করেন।
সেমিনারে সেলিম আল দীন নিজস্ব নাট্যধারার ক্ষেত্রে শ্রম দিয়ে যে জগৎ তৈরি করেছেন, তা উল্লেখ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, “আমরা শিল্পকলা একাডেমিতে নতুন নাটকের একটা জগৎ তৈরি করতে চাই। আমরা আশা করি নাট্যকর্মী হিসেবে আপনারা এগিয়ে আসবেন এবং তাতে অবদান রাখবেন।”
সেমিনারটি সঞ্চালনা করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
সেমিনার শেষে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত নাটক ‘পুত্র’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জাকির হোসেন ইমন। নাটকটি পরিবেশন করে নিশ্চিন্তপুর থিয়েটার, ঠাকুরগাঁও।
বাংলাদেশ জার্নাল/এনএম
