বন্ধ ‘গরিবের ট্রেন’ দ্রুত চালু করুন
এই রেলপথ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও জামালপুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কৃষি ও স্থানীয় ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ কাপড়, জুতা, প্রসাধনী, চাটাই, ধান, দুধ, ডিম, কলা, মুরগি, ফল ও শাকসবজি এক বাজার থেকে অন্য বাজারে নিতেন এসব ট্রেনে। ফলে ট্রেন বন্ধ হওয়ায় যাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিপণ্য পরিবহনকারীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বৃহত্তর ময়মনসিংহের বহু মানুষ ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামে কাজ করেন। নাসিরাবাদ ছিল তাঁদের বাড়ি ও কর্মস্থলের সাশ্রয়ী যোগাযোগের মাধ্যম। ট্রেন বন্ধ হওয়ায় এখন একাধিক যানবাহন বদলাতে হচ্ছে।
রেলওয়ে বলছে, লোকোমোটিভ বা ইঞ্জিন–সংকটের কারণে নাসিরাবাদ ট্রেনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু কবে চালু হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এই অনিশ্চয়তা অগ্রহণযোগ্য। আমরা মনে করি, দরিদ্র মানুষের প্রয়োজন বিবেচনায় নাসিরাবাদ ট্রেনসহ অন্যান্য লোকাল ও মেইল ট্রেন চালু করা জরুরি।
