আবৃত্তি ফেডারেশনের উৎসবে নজরুল, জুলাই ও নতুন প্রজন্মের মিলন
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দিনব্যাপী ‘বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আবৃত্তিচর্চার প্রসার, নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও সংস্কৃতির বিকাশ এবং জুলাই’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করাই ছিল এবারের উৎসবের মূল প্রতিপাদ্য।
সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে দুই শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নজরুল আবৃত্তি প্রতিযোগিতা।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ‘স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা, ‘কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা’ কবিতা পাঠ এবং জুলাই’২৪-এর শহীদদের স্মরণে ‘বর্ষা বিপ্লবের কবিতা-২০২৬’ শীর্ষক দলীয় ও একক আবৃত্তি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
আলোচনা শেষে অতিথিরা নজরুল আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
‘কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা’ পর্বে কবি জাহাঙ্গীর ফিরোজ, এবিএম সোহেল রশিদ, শান্তা মারিয়া, রকিব লিখন, সুমন সুবহান, সৈকত আমীন এবং ইমরান মাহফুজ জুলাই গণআন্দোলনের অভিজ্ঞতা ও চেতনা নিয়ে কবিতা আবৃত্তি করেন।
উৎসবের বিশেষ আকর্ষণ ‘বর্ষা বিপ্লবের কবিতা-২০২৬’ পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি বিশ্বজ্ঞানালয়, উদীচী শিল্পীগোষ্ঠী, চিলেকোঠায় চিরকুট এবং স্বরবৃত্ত। এছাড়া দেশের খ্যাতিমান ও নবীন আবৃত্তিশিল্পীরা একক পরিবেশনায় জুলাই’২৪-এর আত্মত্যাগ, সংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানবিক মূল্যবোধকে কবিতার ভাষায় তুলে ধরেন।
দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, কবি, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার অংশগ্রহণে জাতীয় নাট্যশালা মিলনায়তন মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, আবৃত্তির নান্দনিক চর্চার পাশাপাশি ইতিহাস, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন ভবিষ্যতেও এ ধরনের জাতীয় আয়োজন অব্যাহত রাখবে।
বাংলাদেশ জার্নাল/এনএম
