চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, বকেয়া বেতনসহ তাদের সব ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ এবং বকেয়া বেতন পরিশোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কুশল/সাএ
