চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন
দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে আয়োজক সংঘঠনের আহ্বায়ক বাচ্চু ভূইয়া বলেন, আউটসোর্সিং কর্মচারীদের যে ৭ দাবি আজকের না, আওয়ামী লীগের সময়ে ছিল। যখন যে ক্ষমতায় আসে, তারা কর্মচারী-শ্রমজীবীদের কথা শুনে না। তাদের দুঃখ দেখে না। আওয়ামী লীগ সরকারের মত বিএনপিও ক্ষমতায় এসে তাদের মত ক্ষমতা পরিচালনা করছে। আপনাদের বলব, আমাদের ৭ দফা মেনে নিন। আমাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করেন। ১২ হাজার ৫০০ টাকায় একটা পরিবার চলতে পারে না। আমাদের উপর বৈষম্যের নিরসন করুন।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার বলেন, সারা বাংলাদেশে প্রায় ছয় লাখ আউটসোর্সিং কর্মচারী রয়েছে। একই প্রতিষ্ঠানে কাজ করেও সরকারি কর্মচারীদের মতো তাদের কাজের যে মর্যাদা-মজুরি, সেটা তারা পায় না। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিলাম। আর আশা করেছিলাম, কোনো সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কোনো কর্মচারী থাকবে না। কিন্তু আমরা দেখছি, এখনো সেই বৈষম্যগুলো টিকে আছে। এখনো সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরি চলে যাচ্ছে। তাই তাদের এ দাবিগুলো আমলে নিয়ে এ বৈষম্যের নিরসন করুন।
আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের দাবির মধ্যে রয়েছে…
১. আউটসোর্সিং প্রক্রিয়ায় ঠিকাদার প্রথা বাতিল করে ৬৬০ কোটি টাকার রাজস্ব অপচয় বন্ধ করা;
২. দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে নিয়োজিত সব কর্মচারীকে পে-স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করা;
৩. চাকরিচ্যুতদের পুনর্বহাল করা;
৪. বকেয়া বেতন পরিশোধ করা;
৫. সাময়িক শ্রমিক নীতিমালা বাতিল করে দৈনিক মজুরিভিত্তিক কর্মরতদের স্থায়ী করা।
আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগও চেয়েছেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
