টানা ২৫ মৌসুমে গোল করে ইব্রাকে ছাড়িয়ে রোনালদোর ইতিহাস
শেষের পথে ক্যারিয়ার, কিন্তু রেকর্ডের খাতা যেন এখনও তার জন্যই খোলা। বয়স ৪১, ফুটবলের সম্ভাব্য শেষ মৌসুমের শুরু। এরই মধ্যে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে গোল করে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।
শুক্রবার (২১ আগস্ট) সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ৪–০ গোলের জয়ে আল নাসরের হয়ে শেষ গোলটি করেন রোনালদো। ম্যাচের ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৮৩তম মিনিটেই গোলের দেখা পান তিনি। আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান রোনালদো।
এই গোলেই তিনি পেছনে ফেলেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯–২০০০ থেকে ২০২২–২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করার রেকর্ড ছিল ইব্রার দখলে। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন রোনালদো।
২০০২–০৩ মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে লিগে গোলের যাত্রা শুরু হয়েছিল তার। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসরের হয়ে প্রতিটি লিগ মৌসুমেই গোল করেছেন তিনি। চারটি দেশে পাঁচটি ক্লাব বদলালেও থামেনি তর গোলের ধারাবাহিকতা।
আল রিয়াদের বিপক্ষে এই গোলটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ বহুল আলোচিত ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।
রোনালদোর গোলসংখ্যার বড় অংশ এসেছে রিয়াল মাদ্রিদ থেকে ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই অধ্যায়ে তার গোল ১৪৫, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ে ৫ এবং আল নাসরে ১৩০। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১৪৬ গোল।
এদিকে ২০২৬–২৭ মৌসুমই পেশাদার ফুটবলে তার শেষ মৌসুম হতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন তার সামনে সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য- ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক। নতুন মৌসুমের শুরুতেই ৯৭৭-এ পৌঁছে সেই দৌড়টাকে আরও রোমাঞ্চকর করে তুললেন সিআরসেভেন।
রোহান/সা.এ.
