জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, সেবামূলক প্রতিষ্ঠান: সেলিম উদ্দিন


জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি সেবামূলক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ‘জামায়াতের কর্মী মানেই সমাজকর্মী। তারা মানুষের কল্যাণে কাজ করে।’

শুক্রবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চলের আয়োজনে ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, একজন ওয়ার্ড কর্মীর মাধ্যমে যেদিন এলাকাবাসী উপকৃত হবে, সেদিনই জামায়াত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসবে।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামী সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে বিনামূল্যে রক্তদান ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে।

সমাজের ঝগড়া-বিবাদ, হিংসা-বিদ্বেষ ও ফাসাদ দূর করতে হবে। মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। এজন্য সব দায়িত্বশীলকে ঈমানি ও নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীকে ইসলামের আদর্শ ও ইনসাফের মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও আলোচনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ড. মুহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার ও হেমায়েত হোসেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, নুরুল ইসলাম আকন্দ, আহসান উল্লাহ ও আবু সাঈদ মন্ডল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *