জ্বালানি খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে জবাবদিহি থাকে না: জামায়াত
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঢালাওভাবে আমরা বেসরকারীকরণের বিরোধী নই। কিন্তু যেখানে দুর্নীতির দরজা খুলে, যেখানে সরকারের উচ্চপর্যায়ে লুটপাট, ভাগাভাগির কোনো চক্র ও সিন্ডিকেট দৃশ্যমান হয় কোনো একটা খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তার তো প্রতিবাদ না করে আমরা পারব না।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মিয়া গোলাম পরওয়ার। এতে বলা হয়, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে প্রত্যেক মানুষকে এর চড়া মূল্য দিতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও একধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার চার দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য চার দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স।’
