ডান্স ফ্লোর মাতাতে প্রকাশ পেল দোলা ও নিলয়ের ‘কিসমত’
‘বরবাদ’ সিনেমার হিট ট্র্যাক ‘আয় আয় চাঁদমামা’ দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসা কণ্ঠশিল্পী দোলা রহমান এবার সিনেমার বাইরে একটি পার্টি মুডের নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন। ‘কিসমত’ শিরোনামের এই দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ডি রকস্টার’ নিলয়।
‘কিসমত’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। গানটির র্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি। পার্টি মুডের গানটির ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। ভিডিওতে দোলা ও নিলয়ের পাশাপাশি অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।
গানটি প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই হৃদয়ের মধ্যে একধরনের কম্পন তৈরি হবে, স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে। আসিফ ইকবালের লেখা বরাবরই আমার ভালো লাগে। এবারও তাঁর কথায় গানটি তৈরি হয়েছে। আদিব গানটির সুর ও সংগীত করেছে। আমি ও নিলয় গেয়েছি, পাশাপাশি ভিডিওতেও পারফর্ম করেছি। সব মিলিয়ে সিনেমার আইটেম গানের মতোই এটি। আশা করছি, গানটি শ্রোতাদের মধ্যে নাচের ঢেউ তুলবে।’
গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়নার পর আমরা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি বেশ প্রাণবন্ত হয়েছে। আশা করছি, ‘কিসমত’ দর্শকদের আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’
নিলয়ও গানটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘কিসমত দারুণ একটি ডান্স নাম্বার। শুটিংয়ের সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও আমাদের সঙ্গে গানের তালে নাচবেন। ‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’
‘কিসমত’ গানটি ইউটিউবের পাশাপাশি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
