পাঁচ উপজেলাসহ চট্টগ্রামের মহাপরিকল্পনা
চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে ২৫ বছর মেয়াদী যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তাতে নগরীর এলাকা ছাড়িয়ে পাঁচটি উপজেলাকেও অর্ন্তভুক্ত করার কথা বলেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন।
এসব উপজেলা হল- আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, রাউজান ও হাটহাজারী।
সিডিএর চেয়ারম্যান বলেন, “এই পুরো এলাকার মহাপরিকল্পনা যেদিন অনুমোদন হবে, তারপর থেকে যেই সেবাদান প্রতিষ্ঠান কাজ করুক না কেন মহাপরিকল্পনা অনুযায়ী যদি তারা করে তাহলে এই নগর একটা নান্দনিক নগর হবে।”
বুধবার সিডিএ ভবনে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের খসড়ার উপর জনমত গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৫ থেকে ২০৫০ পর্যন্ত ২৫ বছর মেয়াদী এ মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
প্রকৌশলী বেলায়েত বলেন, “উন্নয়নের লক্ষ্যে নগরীর পরিধি অনেক বাড়িয়েছি মাস্টারপ্ল্যানে।”
মূল শহরের উপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পরিকল্পিত মিনি টাউন ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রস্তাব মহাপরিকল্পনায় অর্ন্তভুক্ত করার কথা বলেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এনএম
