বিএসইসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ও আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। বিনিয়োগকারী, সর্বসাধারণ ও পুঁজিবাজারের অংশীজনদের আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর তথ্য ও সেবা দিতে এ ওয়েবসাইট চালু করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটটি চালু করা হয়। বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বিএসইসির বিদ্যমান অফিসিয়াল ওয়েবসাইটকে আধুনিক ও উন্নত করার উদ্যোগের ধারাবাহিকতায় নতুন ওয়েবসাইটটি ডেভেলপ করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমানের তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশনের উদ্যোগে একটি টেকনোলজি পার্টনার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে সর্বসাধারণ বিএসইসির আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস রিলিজ, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধনপ্রাপ্ত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা, আইপিও/আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজেই দেখতে ও সংগ্রহ করতে পারবেন।
পাশাপাশি, নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিএসইসির বিভিন্ন সেবা এবং সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও সহজে পাওয়া যাবে। এর ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন এবং সাধারণ সেবাগ্রহীতারা তাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা-সংক্রান্ত বিষয়াদি দ্রুত ও সহজে জানতে পারবেন। বিশেষ করে সেবা-সংক্রান্ত তথ্য প্রাপ্তির ক্ষেত্রে নতুন ওয়েবসাইটটি একটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে কাজ করবে।
বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওয়েবসাইটটি ডেভেলপ করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে প্রাপ্তির সুবিধা সংযুক্ত করা হয়েছে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য এবং সেবা-সংক্রান্ত বিষয়াদি আরও সহজে ও দ্রুত জানতে পারবেন।
বিএসইসি মনে করছে, নতুন ওয়েবসাইটটি পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিএসইসির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতেও এটি সহায়ক হবে।
নতুন ওয়েবসাইট চালু হওয়ায় বিএসইসির পূর্ববর্তী অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধ থাকবে। নতুন ওয়েবসাইটের ঠিকানা https://sec.gov.bd। ওয়েবসাইট সম্পর্কে যে কোনো মতামত, পরামর্শ বা ফিডব্যাক [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে।
এমএএস/কেএসআর
