বিটিভিতে শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে ৯ আগস্ট, রবিবার থেকে শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক নাটক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় প্রচারিত হবে ‘বিরোধ’ এবং রাত সাড়ে ৯টায় দেখা যাবে ‘তবুও জীবন’। দুটি নাটকেই সমকালীন পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন, মানবিক মূল্যবোধ এবং জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে।

সাজ্জাদ হোসেন দোদুলের রচনায় এবং মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত ‘বিরোধ’-এ অভিনয় করেছেন ফারজানা ছবি, তন্ময় সোহেল, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, নাদিয়া মিম, ইমু শিকদার, সুব্রত চক্রবর্তী, শিবা শানু, মিলি বাসার, আরজুমান আরা বকুল, আজম খান, জুলফিকার চঞ্চল, তুষার মাহমুদ, ইসরাত জাহান, তারিক আজিজ নিশোকসহ আরও অনেকে।

‘বিরোধ’ একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের ভাঙন এবং মানবিক মূল্যবোধের গল্প। অর্থ ও ক্ষমতার অহংকারে অন্ধ মির্জা কামাল নিজের পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দেন। অতীতের অন্যায়, ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত ও পারিবারিক অবহেলার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের ওপর।

প্রতিহিংসা, অবিশ্বাস ও সংঘাতের মধ্য দিয়ে পরিবারের সদস্যরা নিজেদের মানবিক সত্তা হারাতে থাকেন। তবে শেষ পর্যন্ত তারা উপলব্ধি করেন—ক্ষমতা বা প্রতিশোধ নয়, ভালোবাসা, ক্ষমা, পারিবারিক বন্ধন এবং সঠিক মূল্যবোধই একটি পরিবারকে টিকিয়ে রাখার মূল শক্তি।

অন্যদিকে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এবং মো. নাসির উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘তবুও জীবন’-এ অভিনয় করেছেন দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি, কাজল মজুমদার, কবির টুটুল, সুমনা সোমা, প্রমা আজিজ, গোলাম রাব্বানী, রাশেদা চৌধুরী, সুজন হাবিব, সফিক খান দিলু এবং দিলরুবা দোয়েল।

‘তবুও জীবন’ নাটকটি তিনটি ভিন্ন পরিবারের জীবন, সংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত। এতে শহরের একটি একক পরিবারের কর্মজীবী মা-বাবার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, একটি যৌথ পরিবারের পারস্পরিক সম্পর্ক ও একসঙ্গে টিকে থাকার সংগ্রাম এবং উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির নতুন জীবন গড়ে তোলার লড়াই তুলে ধরা হয়েছে।

জীবনের নানা বাস্তবতা, পারিবারিক দায়বদ্ধতা এবং মানবিক সম্পর্কের সূক্ষ দিকগুলো নাটকটির কাহিনিতে বিশেষভাবে স্থান পেয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *